২ নভেম্বর ২০২৬

বিয়ে নয়, নিজের মতো জীবনেই সুখী কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। এ কারণে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা ও কৌতূহল।

সম্প্রতি একটি টেলিভিশনের তারকাড্ডায় বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। কুসুম শিকদার বলেন, ‘আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো এটাই সব সময় বলি। যারা বারবার জানতে চান, বিয়ে কবে খাওয়াব, তাদের উদ্দেশে বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো আপনাদের গবেষণা করে জানা দরকার। এটা আপনাদের দায়িত্ব।’

এদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ ব্যাখ্যা করে কুসুম সিকদার। তিনি বলেন, ‘আমি কখনোই চাই না, আমার পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন এক হয়ে যাক। আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষদের হয়তো আমার চেয়ে চার-পাঁচজন কম চেনে। কিন্তু তারা নিজেদের জায়গায় তারকা, নিজ নিজ ক্ষেত্রে সফল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তাদের নিয়ে এমন কোনো আলোচনা হোক, যেটা সাধারণত আমাদের মতো পরিচিত মুখদের নিয়ে হয়, তা আমি চাই না। এ জন্যই অনেক কিছু স্পষ্ট করে বলি না।’

নিজের ভালো থাকা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি ভালো আছি, সুখে আছি। আমার জীবনে আমার বাবাসহ যেসব পুরুষের কারণে আমার জন্ম হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, সেই মানুষটিই আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ। কারণ, সেই মানুষটি না থাকলে আসলে কুসুম শিকদারেরই জন্ম হতো না।’

এদিকে জীবনে নেতিবাচকতা এড়িয়ে চলার বিষয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কুসুম সিকদার। তিনি বলেন, আগে মানুষের কথায় মানসিক চাপ অনুভব করতেন। তবে ধীরে ধীরে নিজেকে সামলাতে শিখেছেন। এখন নেতিবাচক মানুষ ও পরিস্থিতি থেকে দূরত্ব বজায় রাখেন।

এই অভিনেত্রীর ভাষ্য, ‘নেতিবাচক শক্তি আমি গ্রহণ করি না। যেসব মানুষ আমাকে মানসিক চাপ দিতে পারে, তাদের আমি চিনি। নতুন কারও সঙ্গে পরিচয় হলেও ধীরে ধীরে বুঝতে পারি, সে আমাকে মানসিক চাপ দিতে পারে কি না। এ ধরনের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকি। কম মিশি, কখনো মিশিই না। যেসব আড্ডা বা অনুষ্ঠানে গেলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেখানেও যাই না। আমি যদি কাউকে নিজের কাছে আসার সুযোগই না দিই, তাহলে সে আমাকে পাবে কীভাবে? এভাবেই নিজেকে সামলে রাখতে হয়।’

এদিকে, দীর্ঘ বিরতি ভেঙে সম্প্রতি সংগীতে ফিরেছেন কুসুম শিকদার। গেল ৯ অক্টোবর মুক্তি পায় তার নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’। এর আগে ২০১৭ সালে তার আলোচিত ‘নেশা’ গানটি প্রকাশ পেয়েছিল।

অন্যদিকে অভিনয়ের বাইরে পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন কুসুম সিকদার। প্রথম নির্মিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ ২০২৪ মুক্তি পায়। আগামী বছরের প্রথম দিকেই নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ