৩ নভেম্বর ২০২৬

সাদিয়া’স কিচেনে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— আনোয়ারায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

বাসি খাবার, অননুমোদিত রং-রাসায়নিকের ব্যবহার আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি— রেস্তোরাঁগুলোর এমন চিত্র উঠে এসেছে চট্টগ্রামের আনোয়ারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।

কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক, আবার কোথাও কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে রাখা হচ্ছিল রান্না করা বাসি খাবার। এসব অনিয়মের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকাসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং ও গোলাপজল, কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায় বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল।

অন্যদিকে, সাদিয়া’স কিচেন নামের একটি প্রতিষ্ঠানকে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ