চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন অস্ত্র আইনের মামলার এবং অপর দুজন পেনাল কোডের একাধিক ধারায় করা মামলার আসামি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টা পর্যন্ত পৃথক সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী)-এর তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহ আলম প্রকাশ রাসেল, কবির আহাম্মদ সুজন ও মোহাম্মদ সুমন। তাঁদের মধ্যে শাহ আলম সদরঘাট থানার জিআর-১১৮/২০ মামলায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে কবির আহাম্মদ সুজন ও মোহাম্মদ সুমন সিআর-৬২/২৬ (সদরঘাট) মামলায় দণ্ডবিধির ৩৮৩, ৩৮৫, ৩৮৬, ৪৪৮, ৪২৭, ৫০৬ ও ৩৪ ধারার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।













