৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে এ অভিযান চালানো হয়। শুক্রবার রাতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুবায়েরকে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে কয়েক মাস আগে একটি মাটির ভিটার নিচে অস্ত্র ও গুলি পুঁতে রাখার কথা জানান তিনি।

এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৮ এপিবিএন জানায়, গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ