৬ নভেম্বর ২০২৬

সরফভাটার সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে ঐক্যের ডাক দিলেন হুমাম কাদেরের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নিরীহ মানুষের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেছেন, রাঙ্গুনিয়ার মানুষের ওপর যারা অত্যাচার করবে, নির্বিচারে হামলা চালাবে, তাদের বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। আপনাদের এখন আর ভয় পাওয়ার কিছু নেই। একই সঙ্গে নিজের নাম ও পরিচয় তুলে ধরে বলেন, সরফভাটা তাঁর বাবার বাড়ি। এখানে খারাপ লোকদের আসতে বা থাকতে দেবেন না।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা জালাল আহমদ। সঞ্চালনা করেন মাওলানা রফিক উসমানী। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা আবদুল হক হক্কানি।

বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, এখন ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে। তিনি শুধু একটি বিষয় চান, তা হলো এলাকাবাসীর সহযোগিতা। তাঁকে কিংবা তাঁর দলকে বিবেচনায় না নিয়ে সবাইকে সন্ত্রাস ও নিরীহ মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, ‘সরফভাটার যত মানুষ আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি, সবার দায়িত্ব এখন আমার কাঁধে। আপনাদের কাছে আমি শুধু একটি জিনিস চাচ্ছি—আপনাদের সহযোগিতা। আমার দলের দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন না, আপনারা শুধু এক জায়গায় ঐক্যবদ্ধ থাকেন। যারা সরফভাটার নিরীহ মানুষের ওপর অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে এখন আপনাদের রুখে দাঁড়াতে হবে।’

ধর্মীয় ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রয়োজনের সময় যুদ্ধ করেছেন। রাঙ্গুনিয়ার মানুষের ওপর অত্যাচার ও নির্বিচারে হামলা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। তবে তাঁর বক্তব্যে প্রতিরোধের ধরন বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।’

নিজের নিরাপত্তা নিয়ে হুমকির প্রসঙ্গ তুলে হুমাম কাদের বলেন, গত সপ্তাহ থেকে ১০ দিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অনেকে বলেছেন, ডিসেম্বর মাসে তাঁকে দেখে নেওয়া হবে। জবাবে তিনি বলেছেন, ডিসেম্বর মাসে সংসদে ব্যস্ত থাকবেন, দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তবে কোনো হুমকিতে ভয় পেয়ে ঘরে লুকিয়ে থাকবেন না বলেও জানান তিনি।

তিনি বলেন, যে কারণে রাজনীতিতে এসেছেন এবং যে দায়িত্ব এলাকাবাসী তাঁকে দিয়েছেন, আল্লাহ যত দিন হায়াত দেবেন, তত দিন সেই দায়িত্ব পালন করে যাবেন। এ জন্য মানুষের দোয়া ও সাহস চান তিনি। এলাকাবাসী যেন তাঁকে সাহস জুগিয়ে বলেন, ‘চৌধুরীর ছেলে এখন চৌধুরীর মতো সাহস দেখাচ্ছে।’ মানুষের মুখে এমন আশ্বাস থাকলে তিনি কখনো পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন।

সরফভাটার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ ইউনিয়নের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রথম বাড়ি ছিল সরফভাটায়। রাঙ্গুনিয়া থেকে প্রথম নির্বাচনে অংশ নেওয়ার সময় তাঁর বাবার হোম অ্যাড্রেসও ছিল সরফভাটা। সেখানে এখনো ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ভিলা’ নামে সাইনবোর্ড রয়েছে। এ কারণে সরফভাটাকে তিনি নিজের বাবার বাড়ি হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, ‘এটা আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়িতে খারাপ লোকদের আসতে দেব না, থাকতে দেব না।’

এলাকাবাসীর উদ্দেশে হাতজোড় করে তিনি আরও বলেন, যারা হামলা ও চাঁদাবাজি করে, তারা সাহসী নয়। তারা বাটপার, চোর ও লুটেরা। তাঁর সামনে উপস্থিত সাধারণ মানুষই প্রকৃত সাহসী। ঈমানদার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের সামনে এসব অপরাধী দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করবেন বলে তাঁর বিশ্বাস।

সরফভাটার পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে হুমাম কাদের বলেন, পরবর্তী সময়ে এ ধরনের কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে হয়তো বলতে পারবেন, গতবার বলেছিলেন ‘সরফভাটা সাফ করে যাচ্ছি’, এবার বলতে পারবেন ‘সরফভাটা সাফ হয়েছে’। ইনশাআল্লাহ, ভালো দিন শুরু হতে যাচ্ছে। পরবর্তী সময়ে এলাকাবাসীর সঙ্গে দেখা হলে ভালো খবর নিয়েই দেখা হবে বলে আশাবাদ জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ