কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৮ নভেম্বর) ক্যাম্পটিতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারীদের গুলিবিনিময়ের ঘটনার পর সংশ্লিষ্ট ডাকাত, মাদক কারবারি ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিহ্নিত ডাকাত এবং সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













