চট্টগ্রামের সীতাকুণ্ডে রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় এ জরিমানা করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে শুনানি ও সরেজমিন পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এ জরিমানা করেন।
এর আগে গত ১৯ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর পরিবেশ অধিদপ্তর মীর গ্রুপের প্রতিনিধিদের তলব করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবেশ অধিদপ্তরের আদেশে বলা হয়, অনুমতি ছাড়া পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পরিবেশগত ছাড়পত্র (সাইট ক্লিয়ারেন্স) ছাড়াই রিসোর্ট নির্মাণের কাজ চলছিল, যা সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন।
এ বিষয়ে শুনানিতে মীর গ্রুপের পক্ষে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু বলেন, তাঁরা অধিদপ্তরের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তবে এরপরও তাঁদের জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আবার পাহাড় কাটার ঘটনা ঘটলে মামলা করা হবে বলে পরিবেশ অধিদপ্তর সতর্ক করেছে।
পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এটি দ্বিতীয়বারের মতো জরিমানার ঘটনা।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন মীর গ্রুপের মালিকানাধীন ইটভাটা মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সর্বশেষ ঘটনায় প্রাথমিক পরিদর্শনে কয়েক দিন ধরে পাহাড় থেকে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর তথ্য পাওয়া যায়।
জরিমানার আদেশে বলা হয়েছে, জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।













