১০ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হত্যা: ৭ মাসেও গ্রেপ্তার হয়নি অর্থের জোগানদাতা আনোয়ার হোসেন!

চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ (২৬) হত্যাকাণ্ডের সাত মাস পেরিয়ে গেলেও মামলার অন্যতম অভিযুক্ত পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা আনোয়ার হোসেন এখনো গ্রেপ্তার হননি। মামলার অধিকাংশ আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও গুরুত্বপূর্ণ এই আসামি ধরাছোঁয়ার বাইরে থাকায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহত শাহরিয়ার আহমেদ মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন জুলাই যোদ্ধা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চলতি বছরের ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় তার ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শাহরিয়ার আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর ২৩ এপ্রিল দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শাহরিয়ার আহমেদের বাবা আব্দুল আলিম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২২ এপ্রিল দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় হত্যার পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা হিসেবে আনোয়ার হোসেনকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

আনোয়ার হোসেন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন, সিরাজুল ইসলাম টিপু, মো. সুমন, মো. রাজা, মো. মানিক ওরফে ডাকাত মানিক, মো. জাহাঙ্গীর, মো. মোশারফ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুর রহিম, মো. মেসু এবং আবু তাহের দুলাল।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা ও অর্থের জোগানের অভিযোগ রয়েছে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। তবে মামলার অন্য আসামিদের অনেকেই গ্রেপ্তার হলেও আনোয়ার এখনো পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের সাত মাস পার হলেও পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত আনোয়ার গ্রেপ্তার না হওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের পেছনে যাদের পরিকল্পনা ও অর্থের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত বিচারপ্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ কাটছে না। তারা দ্রুত আনোয়ারকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের নেপথ্যের বিষয়গুলো উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের হুকুমদাতা ও অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত আসামি আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা চলছে।’

শাহরিয়ার আহমেদ ওপর হামলার পাঁচ দিন পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী সেদিন বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায় বিক্ষুব্ধদের।

মৃত্যুর পর থেকেই এলাকায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মিছিল ও সমাবেশের মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, মামলার সব আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা হবে। বিশেষ করে মামলার ৭ নম্বর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থের জোগানসংক্রান্ত অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে।

আরও পড়ুন