দইয়ের পাত্র খুলতেই মিলল ময়লা। একটি নয়, একাধিক দইয়ের পাত্রে একই চিত্র। চট্টগ্রামের কুয়াইশ এলাকায় ফুলকলির একটি আউটলেটে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে দোকানকর্মীর কাছে অভিযোগ জানাতে গিয়ে প্রতিকার পাওয়ার পরিবর্তে উল্টো হুমকি ও ভয়ভীতির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক ক্রেতা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির খাদ্যমান নিয়ন্ত্রণ ও ক্রেতাসেবার দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ফুলকলির ওই আউটলেট থেকে কেনা দইয়ের পাত্র খুলে ময়লা দেখতে পান ক্রেতা। পরে বিষয়টি দোকানকর্মীদের জানিয়ে প্রতিকার চাইলে তাঁকে সহযোগিতা না করে উল্টো ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একাধিক দইয়ের পাত্রে একই ধরনের ময়লা পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ক্রেতা।
তবে ফুলকলির বিরুদ্ধে খাবারের মান ও উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সর্বশেষ গত ৭ নভেম্বর বিভিন্ন অনিয়মের দায়ে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ওই অভিযানে উৎপাদনে ব্যবহৃত উপকরণে মেয়াদ ও লেবেল না থাকা, কারখানায় মাছি ও তেলাপোকার বিচরণ এবং পোড়া তেল ব্যবহারের মতো অনিয়মের চিত্র উঠে আসে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হলেও নতুন করে দইয়ে ময়লা পাওয়ার অভিযোগে খাদ্যনিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ভোক্তা অধিকার ও খাদ্যমানের প্রশ্নের পাশাপাশি ফুলকলির বিরুদ্ধে শ্রমিকদের অধিকার লঙ্ঘনেরও গুরুতর অভিযোগ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়াই তাঁদের দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করানো হয়। অথচ অতিরিক্ত কাজের জন্য ন্যায্য মজুরি বা ওভারটাইম দেওয়া হয় না। এমনকি সাপ্তাহিক ছুটি কিংবা অসুস্থতার কারণে কাজে অনুপস্থিত থাকলেও মজুরি কেটে নেওয়ার অভিযোগ করেছেন তাঁরা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর ফুলকলির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দ্বিতীয় শ্রম আদালতে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
একদিকে উৎপাদিত খাবারের মান নিয়ে প্রশ্ন, অন্যদিকে ক্রেতার অভিযোগের পর হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। পাশাপাশি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলাও চলমান। সব মিলিয়ে ফুলকলির কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে।
ভোক্তাদের প্রশ্ন, বারবার অভিযান ও জরিমানার পরও কেন অনিয়মের অভিযোগ বন্ধ হচ্ছে না? ক্রেতাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়? একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও কর্মপরিবেশ উন্নয়নে কর্তৃপক্ষের ভূমিকা কী?
সংশ্লিষ্টদের মতে, শুধু জরিমানা নয়, খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন ও ক্রেতাসেবা পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিয়মিত তদারকি এবং অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভোক্তার আস্থা ও নিরাপদ খাদ্য নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফুলকলি ফুড প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার এম এ সবুরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।













