১৩ নভেম্বর ২০২৬

নিজস্ব পার্কিং, বাগান, ওয়াশব্লক ও নদীমুখে ফুডকোর্ট, পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার

ভাঙাগড়ার অবসান, কর্ণফুলীর ব্রিজঘাটে ৯ কোটি টাকায় ৩৩০ দোকান নির্মাণ করছে সিডিএ!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটে দীর্ঘদিনের ভাঙাগড়ার অবসান ঘটিয়ে স্থায়ী বাজার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সেখানে ৩৩০ টির অধিক দোকান নির্মাণের পাশাপাশি পরিকল্পনায় রাখা হয়েছে দৃষ্টিনন্দন বাগান, গাড়ি ও মোটরসাইকেল পার্কিং, ওয়াশব্লক, খোলামেলা চলাচলের জায়গা এবং নদীমুখী ফুডকোর্ট। প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রিজঘাটের অস্থায়ী ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাজার একটি পরিকল্পিত মার্কেটে রূপ নিবে।

ইতোমধ্যে দোকান নির্মাণের স্থাপত্য নকশা ও পরিকল্পনা প্রণয়নের কাজ শেষ হয়েছে। এখন নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সিডিএ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দরপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত, সামনে অর্থায়নের প্রশ্ন
সিডিএর একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সিডিএর তালিকাভুক্ত ঠিকাদারদের আপত্তির মুখে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, প্রকল্পের অর্থায়ন নিয়েও আলোচনা রয়েছে। একটি সূত্রের দাবি, সিডিএর বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কারণে দোকান বরাদ্দের সময় ব্যবসায়ীদের কাছ থেকে জামানত বা অগ্রিম অর্থ সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেট নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অর্থায়নের বিস্তারিত কাঠামো এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দোকান বরাদ্দের জন্য প্রথমে আবেদন ফরম বিক্রি এবং ফরম জমার সময় জামানত বা সিকিউরিটি মানি সংগ্রহের পরিকল্পনা থাকতে পারে। এরপর নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ ও প্রতি বর্গফুট হিসাবে ভাড়া নির্ধারণ করা হবে। তবে জামানতের পরিমাণ, দোকানপ্রতি ভাড়া এবং বরাদ্দের চূড়ান্ত শর্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকটি পাকা বহুতল মার্কেটে প্রতি বর্গফুট দোকানের মাসিক ভাড়া ৪ টাকা ১৩ পয়সা থেকে ৯ টাকা ৬২ পয়সার মধ্যে রয়েছে বলে জানা গেছে। সে তুলনায় ব্রিজঘাটের প্রস্তাবিত সেমিপাকা মার্কেটে ভাড়া কত নির্ধারণ করা হবে, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও দীর্ঘদিনের ব্যবসায়ীরা যেন সাধ্যের মধ্যে দোকান নিতে পারেন, সেটিই এখন বড় প্রত্যাশা।

নকশায় থাকছে সাতটি ব্লক, দোকানের পাশাপাশি পার্ক ও ফুডকোর্ট
সিডিএর প্রণীত স্থাপত্য নকশায় ব্রিজঘাট বাজারকে কে, এল, এ, জে, ডি, বি ও জি—এই সাতটি ব্লকে বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি ব্লকে দোকানের আকার ও অবস্থান অনুযায়ী আলাদা পরিকল্পনা রাখা হয়েছে। ৮ ফুট বাই ১০ ফুট, ১০ ফুট বাই ১২ ফুট এবং ১২ ফুট বাই ১৫ থেকে ২০ ফুট আয়তনের বিভিন্ন আকারের দোকান থাকবে।

নকশা অনুযায়ী, ব্রিজঘাট মসজিদের পাশে ১০ ফুট আয়তনের সাতটি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর পরেই থাকবে উন্মুক্ত বাগান ও বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। একসময় যেখানে কাঁচাবাজার বসত, সেই জায়গাটিও নতুন পরিকল্পনায় পার্কিংয়ের জন্য রাখা হয়েছে।

নূর মার্কেটের সামনে সারিবদ্ধভাবে আটটি দোকান এবং ইছানগর যাওয়ার মোড়ে একটি বড় দোকানের পরিকল্পনা রয়েছে। এর সামনে থাকবে বাগান ও মোটরসাইকেল পার্কিং। এ অংশটি জে ব্লকের অন্তর্ভুক্ত। অন্যদিকে, ব্রিজের পাশের অপেক্ষাকৃত নিচু জায়গায় কে ব্লকের আওতায় ১১টি ওয়াশরুম ও টয়লেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আনোয়ার সিটির সামনে বি ব্লকে সড়কসংলগ্ন আটটি বড় দোকানের পাশাপাশি লম্বা তিনটি সারি ও দুটি ছোট সারিতে আরও ৪৯টি দোকান থাকবে। এরপর রাখা হয়েছে পার্কিংয়ের জন্য খোলা জায়গা।

মাসুম মার্কেটের সামনে ডি ব্লকে ছোট-বড় ১১টি সারিতে মোট ৬৯টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। বনফুলের পাশের জি ব্লকে থাকবে পাঁচটি দোকান এবং সিডিএ মাঠে প্রবেশের জন্য একটি উন্মুক্ত গেট। মোড় থেকে বেকারি ও ফলমূলের দোকান পর্যন্ত আরও সাতটি দোকান নির্মাণ করা হবে। এরপর মাঠে প্রবেশের জন্য আরেকটি খোলা গেট রাখা হয়েছে নকশায়।

বর্তমানে যেখানে মাংসের দোকান রয়েছে, সেই সারিতে জি ব্লকের আওতায় লম্বাভাবে ১৬টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর পর থাকবে বাগান ও পার্কিংয়ের জায়গা এবং আরও দুটি বড় দোকান। যাত্রীছাউনি পর্যন্ত দীর্ঘ সারিতে থাকবে আরও ২৮টি দোকান।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এল ব্লকে দুই সারিতে একই আকারের ৩৪টি দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরপর চরপাথরঘাটা গ্রামের প্রবেশপথের দুই পাশে থাকবে বাগান ও গাছপালা। নদীসংলগ্ন এলাকায় রাখা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। মসজিদের পেছনের নদীপাড়ে ছয়টি দোকান নিয়ে গড়ে তোলা হবে ফুডকোর্ট। এর বিশেষ আকর্ষণ হবে নদীর সৌন্দর্য উপভোগের সুযোগ।

সব মিলিয়ে পুরো এলাকায় প্রায় ৩৩০টি দোকান নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে নকশার বিভিন্ন অংশে দোকানের সংখ্যা যোগ করলে ৩৩০ থেকে ৩৪১টির মধ্যে চূড়ান্ত বা কম বেশি হবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বরাদ্দযোগ্য দোকানের সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করবেন।

প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার চান স্থানীয়রা
ব্রিজঘাটে স্থায়ী মার্কেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানালেও দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ও দীর্ঘদিনের ব্যবসায়ীদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা।

চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, সিডিএ যদি ব্রিজঘাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ করে, তাহলে এটি কর্ণফুলীবাসীর জন্য সুখবর হবে। তবে বাজারে যারা প্রকৃত ব্যবসায়ী ও ক্ষুদ্র দোকানদার রয়েছেন, তাঁরা যেন সবাই দোকান বরাদ্দ পান, সে জন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সিডিএর প্রতি অনুরোধ জানান তিনি।

একই বিষয়ে চরপাথরঘাটার সচেতন নাগরিক সরওয়ার আজম বলেন, দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রভাবশালী গোষ্ঠী যেন সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। প্রকৃত ব্যবসায়ীরাই যেন দোকান বরাদ্দ পান।

চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান আবু তাহের বলেন, ব্রিজঘাটের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট নির্মাণের উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবর্তন ঘটবে এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। তিনি দ্রুত মার্কেট নির্মাণকাজ শুরু করার জন্য সিডিএর প্রতি আহ্বান জানান।

পুরোনো ব্যবসায়ীদের বঞ্চিত করা হবে না: সিডিএ চেয়ারম্যান
প্রকল্পে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তিনি বলেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিশেষ করে, যারা দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি আরো বলেন, দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ও পুরোনো ব্যবসায়ীরা যাতে বঞ্চিত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা অনুসরণ করা হবে। পাশাপাশি কোনো প্রভাবশালী মহল যাতে অনিয়ম বা প্রভাব খাটিয়ে দোকান বরাদ্দ নিতে না পারে, সে বিষয়েও সিডিএ সতর্ক থাকবে।

স্বচ্ছ বরাদ্দ নীতিমালা জরুরি: আইনজীবী
মানবাধিকার আইনজীবী আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের দরপত্র ও পরবর্তী কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে দোকান বরাদ্দের প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং তাঁদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি।

অধিগ্রহণ করা জমিতেই হচ্ছে মার্কেট
প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বাস্তবায়িত ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার কিছু জমি অধিগ্রহণ করা হয়। এলএ মামলা নম্বর ১২/৬৭-৬৮ এবং ১৫৪/৬৭-৬৮-এর ভিত্তিতে আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগের অন্তর্ভুক্ত বিএস ৩ নম্বর খতিয়ানের বিএস দাগ নম্বর ৬৬ ও ৮৪ চউক অধিগ্রহণ করে।

অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছিলো। সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও অধিগ্রহণের তথ্য অনুযায়ী, জমিটি চউকের দখলীয় ও মালিকানাধীন।

শিগগিরই নির্মাণকাজ শুরুর আশ্বাস
প্রকল্পের পরিচালক (পিডি) মো. হাসান বলেন, নানা জটিলতায় বাজারটি কয়েকবার উচ্ছেদ করতে হয়েছে। এখন শিগগিরই মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্থানীয় ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করা হবে। তাঁদের স্বার্থ বিবেচনায় রেখেই সিডিএর বিধিবিধান অনুসরণ করে উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের অস্থায়ী ব্যবসা, উচ্ছেদ ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ব্রিজঘাটে একটি পরিকল্পিত স্থায়ী বাজার গড়ে উঠবে। তবে প্রকল্পটির সফলতা শুধু অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করছে না; প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী ভাড়া, স্বচ্ছ বরাদ্দ এবং প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ