চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা লোকমান কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান কন্ট্রাক্টরের বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও লোকমান কন্ট্রাক্টরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।













