১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, প্রাণনাশের হুমকি

চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শুধু গুলি ছুড়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিকের নাম জাফর। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে জড়িত।

জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান প্রায় ১০ মাস আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সে সময় স্ত্রীকে চিকিৎসা করিয়ে ভারত থেকে দেশে ফেরার কথা জানালে রায়হান আর যোগাযোগ করেননি। তবে গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি করা হয়। এর কয়েক দিন পরই তাঁর বাড়িতে গুলি চালানো হয়।

ভবন মালিক জাফর জানান, রাতে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতেন না।

তিনি আরও অভিযোগ করেন, গুলি করার পর তাঁকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। এ সময় বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বাড়ির মালিক জাফর ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

অভিযোগ রয়েছে, বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছ থেকে বড় সাজ্জাদের হয়ে চাঁদা দাবি করে আসছেন রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে রায়হান বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাঁর নাম ব্যবহার করে অন্যরা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ