১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার একটি হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন রেস্টুরেন্টের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এখনো তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি।

ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ