১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজারে কর্মশালা

চিংড়ি হ্যাচারি খাতে চালু হচ্ছে ডিজিটাল তথ্য অনুসরণ ব্যবস্থা

চিংড়ি হ্যাচারি খাতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও নজরদারি নিশ্চিত করতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থা বাস্তবায়নের আগে খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, বিদ্যমান সীমাবদ্ধতা ও সম্ভাবনা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

এ লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এক কর্মশালা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টের হোটেল গোল্ডেন হিলে ‘চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর প্রস্তুতি মূল্যায়ন: বিদ্যমান ঘাটতি, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান।

সেবের সভাপতি ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সভাপতিত্বে এবং সংগঠনটির অফিস সচিব এস এম বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেবের মহাসচিব গিয়াস উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল হক, সেবের সহসভাপতি শাহেদ আলী, মৎস্য খামার মালিক সমিতির সভাপতি মোল্লা শামসুর রহমান, সেবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং নির্বাহী সদস্য ভুলু চৌধুরী ও মো. আলমগীর।

কর্মশালায় বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকল্পের পটভূমি, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পরে গবেষণার লক্ষ্য, পরিধি, বাস্তবায়ন পদ্ধতি ও কর্মপরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন গবেষণার প্রধান পরামর্শক ড. হাবিবুর রহমান খন্দকার।

উন্মুক্ত আলোচনায় চিংড়ি হ্যাচারি খাতের বর্তমান অবস্থা, পোনা উৎপাদন ও সরবরাহের তথ্য সংরক্ষণ, উৎপাদন ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সক্ষমতার বিভিন্ন দিক উঠে আসে। ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় চিংড়ি হ্যাচারি মালিক, গবেষক, পরামর্শক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।

আয়োজকরা জানান, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর আগে হ্যাচারিগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা জরুরি। এ লক্ষ্যে পরিচালিত গবেষণায় প্রযুক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনাগত ঘাটতি চিহ্নিত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ব্যবস্থা কার্যকরভাবে চালু করা গেলে চিংড়ি পোনা উৎপাদন থেকে সরবরাহ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ ও অনুসরণ সহজ হবে। এতে উৎপাদন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, পণ্যের উৎস শনাক্তকরণ এবং চিংড়ির গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ