চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে সতর্ক করা হয়। গ্রেপ্তার অব্যাহত রাখলে ওসির জীবন বিপন্ন করার হুমকিও দেওয়া হয়। একটি বার্তায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলা হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় জিডি করেন। জিডি নম্বর ৯০৪।
হুমকিদাতার নম্বর শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।













