২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ‘মদ পানে’ দু’জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ জন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন নগরের বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর ও রাতে মারা যান নান্টু ঘোষ (৫৫) ও উজ্জ্বল দেব (৫২)। নান্টু ঘোষ মোহরা খেজুরতলা এলাকার বাসিন্দা। উজ্জ্বল দেবের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকজন মদপান করেন। পরে তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থদের মধ্যে সুদীপ্ত দত্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯) রয়েছেন। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্ত নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, রোববার ভোরে একজন এবং রাতে আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁদের সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে। মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন