২৬ নভেম্বর ২০২৬

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন বোয়ালখালীর দুই শিক্ষার্থী

বোর্ড চ্যালেঞ্জে ফল পরিবর্তনের পর আলিম পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দুই শিক্ষার্থী। তারা হলেন মো. ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এ নিয়ে প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

প্রথম প্রকাশিত ফলাফলে ইয়াসিন রেজার জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনা ইয়ামিন তারান্নুমের ৪.৯৩। ফল পুনর্নিরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ করার পর দুজনের ফল পরিবর্তিত হয়ে জিপিএ-৫ হয়েছে। এর আগে একই মাদ্রাসা থেকে একমাত্র জিপিএ-৫ পেয়েছিলেন সাঈদাতুন নূর মুনতাহা।

মো. ইয়াসিন রেজা বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ও শায়রা পারভীনের ছেলে। অন্যদিকে তাহছিনা ইয়ামিন তারান্নুম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম ও জেবুন নাহারের কন্যা।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক বলেন, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ইয়াসিনের বাবা মাওলানা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই ইয়াসিন পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। তার এ অর্জনে বাবা-মা হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। সন্তানের স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করছি।

তাহছিনার বাবা আবদুর রহিম বলেন, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করায় তারা অত্যন্ত আনন্দিত। মেয়ের পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি পেয়েছে বলে মনে করেন তিনি।

এর আগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাঈদাতুন নূর মুনতাহার বাবা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদার মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করেছিলেন। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন উত্তীর্ণ হন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন জিপিএ-৫ পেলেও বোর্ড চ্যালেঞ্জের পর আরও দুই শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন