চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, কোটি কোটি মানুষ রাজপথে নেমে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের গণজোয়ারে ফ্যাসিস্ট হাসিনার শাসনের অবসান ঘটেছে। পাশের দেশের সেনাবাহিনী এসে হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে— এমন দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নতুন ব্রিজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবু সুফিয়ান বলেন, গণতন্ত্রকামী ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। আওয়ামী লীগ ও হাসিনা এ দেশের নয়, ভারতীয় প্রোডাক্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, রাতের আঁধারে পটকা ফুটিয়ে বাসে আগুন দিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চিন্তা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বের বড় প্রমাণ। এ সময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, পলাতক আওয়ামী লীগ গত ১৭ বছর আয়নাঘর সৃষ্টি করে মানুষের বাক্স্বাধীনতা হরণ ও ফ্যাসিবাদ কায়েম করেছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনার শাসনামলে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগকে লুটেরা ও খুনির দল আখ্যা দিয়ে তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাসিনার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ সময় যুবদলের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বাংলাদেশের গণহত্যার আসামি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা করে রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শাহেদ। তিনি বলেন, দেশের যেকোনো নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের জবাব দিতে চট্টগ্রামের যুবসমাজ রাজপথে প্রস্তুত রয়েছে।
বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ মুসার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুল হক মাসুম ও ইফতেখার শাহরিয়ার আজম, সহসম্পাদক শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ জসিম।
এ ছাড়া কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নুর হোসেন নুরু, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ জলিল, বাকলিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ এবং চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ মিছিলটি নতুন ব্রিজ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাকলিয়া এক্সেস রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।













