চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাপুর রহমান পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকার মরহুম রেজাউল করিমের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার অভিযোগে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিব বলেন, ‘তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’













