২৬ নভেম্বর ২০২৬

মেসিকে কেন নিজের দলে নিতে চাননি গার্দিওলা, জানালেন কারণ

লিওনেল মেসিকে দলে পাওয়ার সুযোগ থাকলেও কখনো সেই চেষ্টা করেননি পেপ গার্দিওলা। বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবের দায়িত্ব নেওয়ার পর চাইলেই আর্জেন্টাইন মহাতারকাকে নিজের দলে নিতে পারতেন স্প্যানিশ এই কোচ। কিন্তু মেসিকে কখনো ফোন পর্যন্ত করেননি তিনি। এর পেছনে ছিল বার্সেলোনার প্রতি তার গভীর ভালোবাসা এবং মেসিকে পুরোনো ক্লাবেই দেখার ইচ্ছা।

ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর পডকাস্ট ‘রোমারিও টিভি’তে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান গার্দিওলা। মেসিকে নিজের কোনো দলে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কখনোই তাকে ফোন করিনি। আমি বার্সেলোনার সমর্থক। আমি চাইতাম, সে সেখানেই থাকুক।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় একসাথে কাজ করেছেন গার্দিওলা ও মেসি। এই চার বছরে দুজনের রসায়নে বদলে গিয়েছিল ক্লাবটির ফুটবল। মেসিকে কেন্দ্র করেই দলের কৌশল সাজাতেন গার্দিওলা। তাদের অধীনে বার্সেলোনা জিতেছিল মোট ১৪টি শিরোপা। এর মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ।

২০০৯ সালে এক পঞ্জিকাবর্ষে সম্ভাব্য ছয়টি শিরোপাই জিতে নেয় বার্সেলোনা। ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে ‘সেক্সটেট’ জয়ের কীর্তি গড়ে তারা। সেই ঐতিহাসিক সাফল্যের অন্যতম দুই নায়ক ছিলেন গার্দিওলা ও মেসি।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মেসির জয়ের ক্ষুধা ও প্রতিযোগিতামূলক মানসিকতারও প্রশংসা করেছেন গার্দিওলা। অনুশীলনেও জয়ের ব্যাপারে আর্জেন্টাইন তারকার প্রবল আগ্রহ ছিল বলে জানান তিনি। গার্দিওলার ভাষায়, ‘অনুশীলনে একটি ম্যাচও হেরেছে বলে আমার মনে পড়ে না।’

মেসির এই জয়ের মানসিকতার সাথে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের মিল খুঁজে পান গার্দিওলা। জর্ডানের ক্যারিয়ার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য লাস্ট ড্যান্স’ দেখার পর তার এমন উপলব্ধি হয়েছে বলে জানান এই কোচ।

উল্লেখ্য, ১৯৯৩-৯৪ মৌসুমে বার্সেলোনায় একসাথে খেলেছিলেন গার্দিওলা ও রোমারিও। কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ‘ড্রিম টিমে’ তখন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই রোমারিওর পডকাস্টেই এবার মেসিকে নিয়ে নিজের পুরোনো ভাবনা তুলে ধরলেন গার্দিওলা।

এদিকে ২০২৬ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা। ইংলিশ ক্লাবটিতে টানা ১০ মৌসুম কাটানোর পর আপাতত কোচিং থেকে বিরতিতে রয়েছেন তিনি। ভবিষ্যতে আবারও কোচিংয়ে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি কখনো ফিরি, তাহলে সেটা হবে আমার ভেতরের তাগিদ থেকে এবং কেউ আমাকে ভালোবাসে বলে। তবে অনেক বছর কেটে গেছে, অনেক ম্যাচ খেলেছি।’

আরও পড়ুন