২৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশী কর্মী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বিদায় জানাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বোয়েসেলের কর্মী পাঠানোর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে।

২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে।

নির্বাচিত ১১২ জন মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ প্রতিষ্ঠানে মাসে ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘শূন্য মানে শূন্য’ নীতিতে বাস্তবায়িত এ কর্মসূচিতে কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হয়নি।

পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ হচ্ছে। এ ছাড়া ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানায়, জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা হিসাবে এ উদ্যোগে কর্মীদের প্রায় ২ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

কর্মী বাছাই প্রক্রিয়া ‘দালালমুক্ত ও স্বচ্ছ’ ছিল দাবি করে সংস্থাটি জানায়, অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্ত করা হয়।

এটিকে ‘কেবল শুরু’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে।

এর মধ্যে ডিএইচএলে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নেওয়া হবে।

সরকারি এ কর্মসূচিতে কাউকে কোনো টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হয় বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন