দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে নিতে হলে খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টিন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে চাইছে। আশা করি, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।’
প্রাণীর প্রতি নির্যাতন না করার আহ্বান
প্রাণীদের অকারণে নির্যাতন ও কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকারের জন্যই আল্লাহ প্রাণীদের সৃষ্টি করেছেন। তাই তাদের কষ্ট না দেওয়া সবার দায়িত্ব।
পরিবারের শিশু-কিশোরদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, আশপাশের প্রাণীদের যত্ন নিতে না পারলেও অন্তত তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে তাদের নিরাপত্তা ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের বংশধরদের মধ্যে এই মনোভাব দিতে পারি, তাহলে একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেখানে শুধু মানুষ নয়, প্রত্যেকটি জীব নিরাপদ থাকবে।’
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা
প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ প্রাণিসম্পদ খাত। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ বলে জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।
খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পোলট্রি খাতে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান
পোলট্রি শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে।
এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। তাদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকার বেশি।
তিনি বলেন, বাংলাদেশের সামনে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে।
প্রাণিসম্পদ খাতের রোগ প্রতিরোধে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়।
পশুপাখির অধিকার নিশ্চিতের আহ্বান
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মতো পশুপাখিরও অধিকার রয়েছে। তাদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।
পশুপাখিকে স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দেওয়ার পাশাপাশি ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও মুক্ত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
গবাদিপশুর খামার ক্যাটাগরিতে পদক পান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিউটি পাঠা খামারের মালিক বিউটি বেগমও এ অনুষ্ঠানে পদক পান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী ঘুরে দেখেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজামান খান।













