২৮ নভেম্বর ২০২৬

বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন, লক্ষ্য করে বিজিবির গুলিবর্ষণ

রাঙামাটির বাঘাইছড়ি–মিজোরাম সীমান্ত এলাকার আকাশে রাতের আঁধারে একাধিক অপরিচিত ও সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলোর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেয় সীমান্তে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করেন তারা।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সীমান্ত এলাকার আকাশে লাল ও সাদা বাতি জ্বালিয়ে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। দেশের আকাশসীমা লঙ্ঘন, অবৈধ অনুপ্রবেশ কিংবা সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পরিস্থিতি মোকাবিলায় ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন টহলরত বিজিবি সদস্যরা।

উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কয়েক দিন আগেই সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন প্রায় ১৫১ কিলোমিটার দুর্গম এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা টহল জোরদার করে বিজিবি। পাশাপাশি নিজস্ব ড্রোনের মাধ্যমে নজরদারিসহ সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি এবং বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি প্রকাশের কথা জানা গেছে।

তবে ড্রোনগুলো ঠিক কোন দিক থেকে এসেছে, এর সঙ্গে কারা জড়িত কিংবা বিজিবির গুলিতে কোনো ড্রোন ভূপাতিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ