বাংলাধারা ডেস্ক »
তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ইরান যেকোনো সাহায্য দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে শনিবার (২৫ জানুয়ারি) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এ কথা জানান।
তুরস্কে ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছেন। টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ তুরস্কের জনগণ এবং সরকারের প্রতি সমবেদনা জানান।
ইরানের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান।
শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্কের পূর্বাঞ্চলে। দেশটির হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত ২২ জন নিহত এবং ৭৭২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/টিএম












