বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডের ৮ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (২২ এপ্রিল) নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটনের সহযোগিতায় রামপুরের ৮ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাধারাকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবাই যার যার জায়গা থেকে এই সংকটময় সময়ে কাজ করে যাচ্ছি। সবার উচিত এই দুঃসময়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি মেয়র পদপ্রার্থী রেজাউল করিমকেও ধন্যবাদ জ্ঞাপন করেন বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণের জন্য।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী ত্রান-সাহায্য সর্বত্রই পৌঁছে যাচ্ছে৷ শহরাঞ্চলে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে দেয়া হচ্ছে, আর গ্রামাঞ্চলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দেয়া তালিকা করে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রেশন কার্ড দেয়ার প্রক্রিয়াও শুরু হবে। ব্যক্তিগতভাবে সংসদ সদস্যরা কোন ত্রান বরাদ্দ বণ্টনের প্রক্রিয়ায় নেই, বা তাদের মাধ্যমে বরাদ্দ হচ্ছেনা, তাই আমরা অনেকেই নিজেরাই দিচ্ছি, আবার অনুদান নিয়েও দিচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকায় এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকাতেও ত্রান-সাহায্য দিয়ে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে, পাশাপাশি আমাদের দলের অনেকেই দিচ্ছেন, আমাদের মাধ্যমেও দিচ্ছেন। তাই খাদ্য সংকট, খাদ্য প্রাপ্তি সংকট, এসব ভীতি যারা দেখাচ্ছে তারাই ভুল প্রমাণিত হবে।
নওফেল বলেন, সরকারের বাইরেও আমরা জানি আমাদের নেত্রীর নির্দেশনায় দলের অনেকেই লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত ত্রান সামগ্রী দিচ্ছেন। আর, দূর্নীতিগ্রস্থদের এই আওয়ামী লীগ সরকারই গ্রেফতার করছে, সুতরাং অপপ্রচার করে লাভ নেই। জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমরা এই যুদ্ধেও বিজয়ী হবো।

তিনি আরও বলেন, যে প্রনোদনা প্যাকেজ গুলো ঘোষিত হয়েছে, সেগুলো আমাদের আগামীর অর্থনীতিকে এগিয়ে নিতে শতভাগ উপযোগী। আর এই প্রস্তুতি প্রমান করে আমাদের জননেত্রী শুধুই রাজনৈতিক নীতিপ্রনেতা নন, তিনি একজন দুরদর্শিতায় পরিপূর্ন সফল রাষ্ট্রনায়ক। সরকার করোনা মোকাবেলায় বদ্ধ পরিকর। তবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে অবস্থান করে সরকারকেও সহযোগিতা করতে হবে।
২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন বাংলাধারাকে জানান, দেশ এখন একটি সংকটময় সময় অতিক্রম করছে। আমাদের জনসাধারণ আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন। সবাই এখন ঘরবন্দি। অনেকের ঘরে এতদিন যা কিছু খাবারের ব্যবস্থা ছিল তা এখন ফুরিয়ে আসার সময় হয়েছে। তাই সবদিক বিবেচনা করে রামপুরের ৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।
লিটন বলেন, আমাদের যাবতীয় সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি চাই আমার রামপুরবাসী যেন কষ্টে না থাকে। কাউকে আসতে হবে না, ঘর থেকে বের হতে হবে না। আমি সবার ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিব।
লিটন আরও বলেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক দোয়া করি। সামনে রমজান মাস আসছে, সবাইকে আল্লাহ পাকের কাছে এই সংকটময় অবস্থা থেকে মুক্তির জন্য দোয়া চাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ডের মাহাবুল আলম আজাজ, আজাদ, পলাশ, হুমায়ুন, সাদেক, খোকন, বাবলু, মুন্না, জরিপ আলি, মো. নাসির, সাইফুল, দেলোয়ার হোসেন খোকা প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













