৭ নভেম্বর ২০২৬

ঘরভাড়া পরিশোধে বিলম্ব : পানির সংযোগ বিচ্ছিন্ন করলেন কাউন্সিলর জাবেদ

বাংলাধারা প্রতিবেদন »  

প্রতি মাসের শুরুতেই ফ্ল্যাট ভাড়া পরিশোধ করে আসছেন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদের মালিকানাধীন জাবেদ টাওয়ারের ভাড়াটিয়ারা। কিন্তু গত মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে তাঁদের আর্থিক সমস্যা থাকায় ফ্ল্যাট ভাড়া সময়মতো পরিশোধ করতে পারেন নি। তাই ভাড়া দিতে দেরি হওয়ায় পানির সংযোগ কেটে দিলেন কাউন্সিলর জাবেদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ভবনে প্রায় ২৫টি পরিবার বাস করেন।

জাবেদ টাওয়ারের বসবাসকারীরা জানান, আমরা প্রতি মাসের শুরুতেই ফ্ল্যাট ভাড়া পরিশোধ করে আসছি। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউনের কারণে আমাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এই সমস্যার কথা আমরা কাউকে বলতেও পারছি না। ফ্ল্যাট ভাড়া সময়মতো দিতে দেরি হওয়ায় পানির সংযোগ কেটে দেওয়া অমানবিক।

এ ব্যাপারে বক্তব্য জানতে সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জাবেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।

জাবেদ টাওয়ারের ব্যবস্থাপক মো. ইউসুফ জানান, গত মাস থেকে ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে কয়েকজন ভাড়া পরিশোধ না করায় কাউন্সিলর আমাকে গালাগাল করেন। এর পর তিনি নিজেই পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিলে কয়েকজন ভাড়াটিয়া ভাড়া পরিশোধ করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন