৭ নভেম্বর ২০২৬

করোনা মোকাবেলায় মোশাররফের ডাকে সাড়া দেন নি মেয়র নাছির

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলা ও প্রধানমন্ত্রীর ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটি করার নির্দেশনার বিষয়ে আলোচনা করতেই সভা আহবান করেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবে মোশাররফের ডাকা এ সভায় সাড়া দেন নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আজ অনেকে চট্টগ্রামে বটবৃক্ষ খুঁজছেন। আমার পাশে দুই বটবৃক্ষের শাখা বসে আছে (ভূমিমন্ত্রী জাবেদ ও শিক্ষা উপমন্ত্রী নওফেলকে দেখিয়ে)। চট্টগ্রামে বটবৃক্ষের ছায়া সবসময় ছিল, এখনো আছে। এটার অভাব হবে না। কে কোথায় আছে তার চেয়ে কি কাজ হচ্ছে সেটাই জরুরি।’

মোশাররফ বলেন, ‘আমার এলাকায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও নির্বাচিত প্রতিনিধিরা সমন্বয় করে কাজ করছে। সেখানে সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে নেয়া কার্যক্রমগুলোকেও সমন্বিতভাবে করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত ৫ দফায় মানুষের কাছে সাহায্য পৌঁছতে পেরেছি আমরা। আজ সেখানে ষষ্ঠ দফা সহায়তা পৌঁছানোর কাজ চলছে।’

তিনি বলেন, ‘ধরুন আমি এখানে বসে আছি। কিন্তু আমার এলাকায় ত্রাণ বিতরণ হয়ে যাচ্ছে। কাজেই সমালোচনার সময় এটা নয়। সবাইকে মিলেমিশে কাজ করে যেতে হবে।’

সভায় মেয়র নাছিরের না থাকা প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘সভার বিষয়ে আমি সবার আগে মেয়রকে জানিয়েছিলাম। তার সম্মতি ছিল, তিনি আসবেন বলেছিলেন। তিনি হয়তো অন্য কোন কাজে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। এছাড়া আমাদের মহানগর ভারপ্রাপ্ত সভাপতি অসুস্থ। তাই তিনিও ছিলেন না। এর বাইরে দলের সবাই এসেছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা মূলত সমন্বয়ের ভিত্তিতে কাজ করার বিষয়েই জোর দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, বন্দর আসনের সাংসদ আব্দুল লতিফ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসাইন, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীসহ উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন