৭ নভেম্বর ২০২৬

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে উত্তর জেলা ছাত্রলীগের চারা গাছ বিতরণ

বাংলাধারা প্রতিবেদক »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার ৭টি উপজেলায় ৩০০টি করে মোট ২১০০ টি ঔষধি, বনজ, ফলজ চারা গাছ বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৭ জুলাই) হাটহাজারী উপজেলা ফরেস্ট অফিস সংলগ্ন রয়েল প্যালেজ কমিউনিটি সেন্টারে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মাঝে এসব চারা গাছ বিতরণ করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, রাউজান উপজেলা ছাত্রলীগের (উত্তর) সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদসহ উত্তর জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে উত্তর জেলার সাতটি উপজেলায় ৩০০ করে সর্বমোট ২১০০ চারা বিতরণ করেছি। করোনার এই সংকটে আমরা প্রত্যেকেই বর্তমানে অধিকাংশ সময়ে গৃহে অবস্থান করছি। এই অবসর সময় আমরা পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ করে বনায়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বনায়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন