৭ মার্চ ২০২৬

জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী

বাংলাধারা ডেস্ক »

হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন গণমাধ্যমকে বলেন, চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত আলাউদ্দিন জিহাদীকে জামিন দেয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী আনিসুর রহমান দিপু বলেন, আসামি পক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে আদালত জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে প্রয়াত হেফাজত ইসলামের আমীর আল্লামা শফীকে নিয়ে কটূক্তি করা হয়। ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লা থানায় আলাউদ্দিন জিহাদীকে বিবাদী করে মামলা করে দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশিদ। সেদিনই ফতুল্লা থানা পুলিশ মাহমুদপুর থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আলাউদ্দিন জিহাদীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়। নগরীর সিটি কর্পোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার, সেখান থেকে ৩০০ শয্যা হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন