২০ মার্চ ২০২৬

কিশোরীকে ধর্ষণের প্রধান অভিযুক্ত পতেঙ্গা থেকে গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে বেড়াতে এসে এক কিশোরীর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত রোববার রাতে নগরীর ডবলমুরিং থানার ১ নম্বর সুপারিওয়ালাপাড়ার চান্দু মিয়ার বাড়িতে ধর্ষণের শিকার হন ১৪ বছরের এক কিশোরী। ‘পুলিশের সোর্স’ হিসেবে এলাকায় পরিচিত চান্দু মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পারে।

এ ঘটনার পরপর রাতেই অভিযান চালিয়ে ওই কিশোরীর কথিত বান্ধবী নুরী আক্তার (২০), তার স্বামী মো. অন্তর (২৪) ও প্রধান অভিযুক্ত চান্দু মিয়ার দেহরক্ষী মো. রাজিবসহ (২৬) মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ; তাদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে চাচার বাসায় বেড়াতে আসেন ওই ভুক্তভোগী তাঁর চাচাত বোনের বান্ধবী গ্রেপ্তার হওয়া নুরী। সেই সুবাদে নুরীর সঙ্গেও ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। গত রোববার সন্ধ্যায় নুরী ওই তরুণীকে তাঁর বাসায় বেড়াতে নিয়ে যান।

রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নুরী কৌশলে তাকে চান্দুর বাসায় পৌঁছে দেন। বাসার ভেতরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বাইরে থেকে দরজা বন্ধ করে পাহারায় ছিলেন নুরী। চান্দু মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার পর নুরী ওই তরুণীকে তার চাচার বাসায় পৌঁছে দেন। কিন্তু বিধ্বস্ত অবস্থা দেখে কিশোরীকে বাসার লোকজন জিজ্ঞাসা করলে তিনি সবকিছু খুলে বলেন।

তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ডবলমুরিং থানায় খবর দেওয়া হলে পুলিশ অভিযানে নামে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন