২০ মার্চ ২০২৬

বিজয় দিবসের অনুষ্ঠান এবার খোলা স্থানে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা ডেস্ক  »

করোনাভাইরাসের কারণে এবার বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর (ঘরোয়া) অনুষ্ঠান করা যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সেই অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠানগুলোতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য সারাদেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে যথাযথ নিরাপত্তামূলক ব‍্যবস্থা গ্রহণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান বিজয় দিবসে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা যাবে।’

এছাড়া বিজয় দিবসে বরাবরের মতো শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং কারাগার, হাসপাতাল বৃদ্ধাশ্রমে এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন