আনোয়ারা প্রতিনিধি »
মুজিববর্ষে কর্ণফুলী উপজেলায় ঘর পেল ২৫ গৃহহীন পরিবার। সারাদেশে মোট ৬৬ হাজার গৃহহীন পরিবার এই ঘর পেয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো উদ্বোধন করেন। কর্ণফুলী উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
কর্ণফুলী উপজেলা পরিষদে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা, সহকারি কমিশনার ভূমি সুকান্ত সাহা, কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, দিদারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণিসহ কর্ণফুলী উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ।
এসময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, মুজিববর্ষে গৃহহীনদের ঘর প্রদান দেশের সুনাম বৃদ্ধি করেছে। এই প্রকল্পটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। তারপরও সঠিক সময়ে ঘরগুলো গৃহহীনদের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।
বাংলাধারা/এফএস/এইচএফ








