মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় কর্মরত এক শ্রমিক মারা গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় সেটি তার বুকে এসে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম মো. শাহীন (৩২)। সে গাইবান্ধা জেলার সা ঘাটা থানার মান্দুরা শেখ বাড়ীর মৃত মনছুর আহমেদের ছেলে।
কারখানার শ্রমিক মো. হৃদয় বলেন, সোমবার দুপুরে বাংলাদেশ অটো ইন্ডাষ্ট্রিজের কারখানায় পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার কাজ করছিলো মো. শাহীন। এসময় হঠাৎ জমানো কংক্রিটের বড় একটি খন্ড তার বুকে এসে আঘাত করে। পরবর্তীতে ঘটনাস্থলে শাহীন মাটিতে পড়ে যায়। আমরা সিএনজি-অটোরিক্সা যোগে মিরসরাই মাতৃকা হাসপাতালে আনার সময় পথে তার মৃত্যু হয়। নিহত শ্রমিক জাহাঙ্গীর এন্টারপ্রাইজে কাজ করেন বলে জানান তিনি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবাস কুমার ভট্টাচার্জ্য জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মরত শ্রমিক মো. শাহীন পাইলিংয়ের কংক্রিট ভাঙ্গার সময় কংক্রিটের আঘাতে আহত হয়। হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়। লাশ সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এইচএফ






