বাংলাধারা প্রতিবেদক »
কবি-সাহিত্যিক-সাংবাদিক অরুণ দাশগুপ্ত (৯০) আর নেই। শনিবার (১০ জুলাই) বেলা ১২টা ২০ মিনিটে তিনি পটিয়ার ধলঘাটের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রামের সাংবাদিক জগতের বটবৃক্ষ অরুণ দাশগুপ্ত সবার কাছে পরিচিত ছিলেন ‘দাদামণি’ হিসেবে। দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের হাত ধরে ১৯৭৩ সালে তিনি যোগ দেন দৈনিক আজাদীতে। ছিলেন পত্রিকাটির সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক।
দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ বলেন, অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ দৈনিক আজাদী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হবে। এরপর দাহক্রিয়া সম্পন্নের ব্যাপারে আত্মীয়-পরিজনদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিক অরুণ দাশগুপ্ত’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা।
১৯৩৬ সালের ১ জানুয়ারি ধলঘাট গ্রামে জমিদার যশোদা নন্দন ওয়াদ্দেদার (দাশগুপ্ত) এর পুত্র অবিনাশ ওয়াদ্দেদারের ঔরসে জন্ম অরুণ দাশগুপ্ত’র। কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। পেয়েছেন অনেক পুরস্কার। অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী ‘রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য’, ‘নবীনচন্দ্র সেন’, ‘কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ’, কবিতার বই ‘খাণ্ডবদাহন’।
বাংলাধারা/এফএস/এআর










