বাংলাধারা প্রতিবেদন »
কোভিড-১৯ সচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে চট্টগ্রাম নগরীতে কর্মরত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য মাস্ক ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি প্রদান করেছে বিজিএমইএ।
শনিবার (১০ জুলাই) দুপুরে সিএমপি কমিশনার ছালেহ মোহাম্মদ তানভীরের হাতে ফেইস মাস্ক ও পানি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার এবং সদস্যবৃন্দ।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘চলমান কঠোর লকডাউনের মধ্যেও সরকার জীবন জীবিকার স্বার্থে পোশাক শিল্প আওতামুক্ত রেখেছে। পোশাক কারখানাগুলোও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করছে। বিজিএমইএ এ’সকল কার্যক্রম কঠোর ভাবে মনিটরিং করছে।’
এসময় তিনি পোশাক কারখানায় এ’সব কাজে সিএমপি’র সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিএমপি কমিশনার জনাব ছালেহ মোহাম্মদ তানভীর স্বাস্থ্য বিধি মেনে পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিজিএমইএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি করোনা সচেতনতা বৃদ্ধিতে বিজিএমইএ’র ভূমিকা প্রশংসা করেন।
বাংলাধারা/এফএস/এআই












