১৮ মার্চ ২০২৬

বোয়ালখালীতে শ্রমিক অসন্তোষে শান্তিপূর্ণ সমাধান দিয়েছেন জেলা প্রশাসক

বাংলাধারা প্রতিবেদন »

বোয়ালখালীতে রিজেন্ট টেক্সটাইলে শ্রমিক অসন্তোষে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করে দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শনিবার (২১ আগস্ট) সকাল থেকে বিভিন্ন দাবি জানিয়ে প্রায় দেড় হাজার শ্রমিক এ কর্মবিরতি পালন করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশের একাধিক টিম অবস্থান নেয় এ কারখানায়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

শ্রমিকদের অভিযোগ, এ কারখানায় শ্রম আইন অনুসরণ করা হয় না। সরকার নির্ধারিত নূন্যতম মজুরি ৮ হাজার ৩‘শত টাকা হলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে ৬ হাজার টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম থাকলেও তা মানা হয় না। এছাড়া ওভার টাইম ও মাসিক বেতন পরিশোধ করা হয় মাসের ২০ তারিখ। এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।

পরে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে অবহিত করা হয়।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিক এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। এসময় পর্যায়ক্রমে শ্রমিকদের দাবি পূরণ এবং নতুন এবং পুরাতন কর্মচারীদের মধ্যে বেতন কাঠামোর ভারসাম্য তৈরি করে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, শ্রমিকরা নানান সমস্যা নিয়ে আন্দোলনে নেমেছিল। সে খবর আমার কাছে আসে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসককে পাঠানো হয়। দীর্ঘ আলোচনা শেষে সমস্যার সাময়িক সমাধান হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন