১৮ মার্চ ২০২৬

র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি দিদার ডাকাত গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাঁশখালী থেকে ১টি একনলা বন্দুক, ২টি এলজি, ৬ রাউন্ড গুলিসহ ৩০ মামলার আসামি মো. আলমগীর ওরফে দিদার ডাকাতসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২১ আগস্ট) বিকালে অভিযান চালিতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটককৃত আসামীরা হলেন- চট্টগ্রাম জেলার বাঁশখালী থার ৪নং বাহারছড়া ইউনিয়নের মৃত জামাল আহমদের ছেলে মো. আলমগীর ওরফে দিদার ডাকাত (৫০) এবং একই এলাকার মৃত জাগের আহাম্মদের ছেলে মো. বাদশা (৪০)।

র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর নাছির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা থেকে সদরে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ৫নং কালিপুর ইউপি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি র‌্যাবের চেকপোস্টের সামনে থামানোর সাথে সাথে সিএনজি থেকে নেমে ২ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরের পেছনে লুকানো এবং হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১টি এক নলা বন্দুক, ২টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে থাকে।

উল্লেখ্য যে, আসামী মোঃ আলমগীর ওরফে দিদার ডাকাত এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন