১৮ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিসে হামলা-ভাংচুর

মিরসরাই প্রতিনিধি»

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ৯নং মিরসরাই (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপরিতে বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদারের অফিস ভাংচুর করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ১০/১২ জনের একটি গ্রুপ গিয়ে হামলা চালিয়ে অফিসে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে।

এই বিষয়ে প্রার্থী সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জনসমর্থনহীন কেউ নির্বাচন করতে পারে না। আমার প্রতিদন্ধি প্রার্থীর কোন জনসমর্থন নেই। আমি আমার ইউনিয়নের জনগনের সমর্থন নিয়ে নির্বাচন করছি। আজকে তারা আমার পক্ষে গণজোয়ার দেখে আমার প্রতিদন্ধি প্রার্থী শামসুল আলম দিদারের ভাই দুলালের নেতৃত্বে বহিরাগত ১৫-২০ জনের একটি গ্রুপ এসে আমার ব্যবসায়িক অফিস ভাংচুর করে। এসময় তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি ভাংচুর ও লুটপাট করে।

এদিকে, মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সম্মতিক্রমে দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের নিকট নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। যা দলীয় শৃংখলা ও দলীয় নির্বাচনের পরিপন্থী। তাই দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক সম্পাদকের দায়ীত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ দিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অব্যবাহতির ব্যাপারে আমার কিছু জানা নেই। দলীয়ভাবে আমাকে কেউ কিছু জানানো হয়নি। তিনি দাবী করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কোন কঠোর সিদ্ধান্ত দেননি যে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে দল থেকে অব্যাহতি দেয়া হবে।

মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, অফিস ভাংচুরের বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন