১৮ মার্চ ২০২৬

বাঁশখালীতে বাসের ধাক্কায় আহত দুই স্কুলছাত্রী, প্রতিবাদে সড়ক অবরোধ

বাঁশখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে চলন্ত বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রী আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে চাম্বলস্থ বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করেছে আহত দুই শিক্ষার্থীর ক্ষুব্ধ সহপাঠীরা।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চাম্বল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। 

আহত দুজন হলেন উপজেলার পশ্চিম চাম্বল এলাকার বাদশা মিয়ার মেয়ে মোবারেকা বেগম এবং ফকির পাড়া এলাকার ফেরদৌস রহমানের মেয়ে তানজিনা আক্তার। তারা দুজনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

ঘটনার প্রতিবাদে দুপুর একটার দিকে উপজেলার প্রধান সড়ক অবরোধ করে ক্ষুব্ধ সহপাঠীরা। এতে ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে সড়ক অবরোধ উঠিয়ে নেয় শিক্ষার্থীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামাল উদ্দিন বলেন, ‘বেলা সাড়ে এগারোটার দিকে চাম্বল হাসপাতালের সামনে বাঁশখালী সুপার সার্ভিস বাসের ধাক্কায় দুই ছাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়।’

তবে সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি বলেন, ‘সড়ক অবরোধ তো না, তবে শিক্ষার্থীরা জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করেছিলো। এতে যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় শিক্ষক ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধ চলে যায় তারা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন