বাংলাধারা প্রতিবেদন»
দেশের বিভিন্ন স্থানে মন্দিরে পূজামণ্ডপে হামলা, হত্যা, নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার উপকমিটির আয়োজনে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় সাম্প্রদায়িক অপশক্তির উত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে চেরাগি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাসকিয়াতুন নূর তানিয়ার সঞ্চালনায় ও কংকন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি নারীনেত্রী নূর জাহান খান।
নূর জাহান খান বলেন, স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান যেকোনো ভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। সম্প্রতি পূজামণ্ডপে মন্দিরে যেভাবে হামলা করা হয়েছে, হত্যা লুটপাট ও নারীর প্রতি নির্যাতন করা হয়েছে তা নজিরবিহীন। অবিলম্বে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। রাষ্ট্র এবং সরকার যদি এ বিষয়ে কঠোর হতে না পারে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে।
সমাবেশে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরীন, দিলরুবা খানম, কিশোয়ার জাহান তুলি, পুষ্পা সর্ব্ববিদ্যা, পলি ঘোষ, শ্রাবন্তী বড়ুয়া, লিপী সেন, নূসরাত জাহান পুস্পা, অজন্তা বর্মা, দিপান্বিতা চৌধুরী, ফাল্গুনী ঘোষ, কানিজ ফাতেমা, জয়া চৌধুরী, ফাইরুজ নাওয়াল দুর্দানা, সানজিদা রহমান, অনুকা গুহ, পূজয়িতা দত্ত ও অর্পিতা পাল। দলীয় পরিবেশনায় ছিলেন সূচয়ন ললিতকলা কেন্দ্রের শিল্পীরা।
বাংলাধারা/এফএস/এফএস












