১৮ মার্চ ২০২৬

উপরের নির্দেশে কাজে ফেরার ঘোষণা কক্সবাজার-মহেশখালী পৌর পরিষদ’র

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

সরকার ও দলের উচ্চ পর্যায়ের নির্দেশে  এবং কক্সবাজার জেলা প্রশাসনের আশ্বাসে  নাগরিক সেবা কার্যক্রম স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে কক্সবাজার ও মহেশখালী পৌরসভা। 

যুবলীগ নেতা মোনাফ সিকদার হত্যা প্রচেষ্টার মামলা থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে অব্যাহতি দেয়া  হবে এমন আশ্বাস পেয়েই কর্মবিরতির ৬ ঘন্টা পর পৌর পরিষদ কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী। 
সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান বলেন, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন নেতৃবৃন্দ। সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে শীগগিরই তদন্ত সাপেক্ষে মেজর মুজিবের নাম মামলা থেকে বাদ দেয়া হবে। 

এক প্রশ্নের জবাবে প্যানেল মেয়র মাহাবুব বলেন, সেবা বন্ধ করা পৌরসভার কাজ নয়। জনভোগান্তি তৈরি আমরাও করতে চাইনি। কিন্তু মোনাফকে হত্যা চেষ্টায় একটি মহল মেয়র মুজিবকে জড়িয়েছে। এতে মুজিবের মান ক্ষুন্ন হয়েছে। আমরা সেই সম্মান ফিরিয়ে আনতেই কর্মবিরতি করেছিলাম। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেই জরুরী সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এবং মহেশখালি-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক উপস্থিত ছিলেন। 

২৭ অক্টোবর রাত সাড়ে ৯ টায় শহরের সুগান্ধা পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহত মোনাফ সিকদারের ভাই শাহাজাহান সিকদার বাদী হয়ে  ৩১ অক্টোবর মেয়র মুজিবুর রহমান, তার ব্যক্তিগত সহকারী এবি ছিদ্দিক খোকন এবং  কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজনীন সরওয়ার কাবেরীসহ  ৮ জনের নাম উল্লেখ করে  সদর থানায় একটি মামলা দায়ের করে। এতে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলাটি নথিভুক্ত হবার তথ্য প্রচার পাবার পর তা প্রত্যাহার দাবিতে রবিবার সন্ধ্যার পর কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার প্রধান সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক মুখে পৌরসভার আবর্জনা পরিবহনের গাড়ি রেখে অবরোধ সৃস্টি করা হয়। রাস্তায় জ্বালিয়ে দেয়া হয় টায়ার। রাতে এ বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়া হলেও সকাল থেকে সব ধরণের সেবা বন্ধ করে দেয় কক্সবাজার পৌর পরিষদ। তাদের দেখাদেখি মহেশখালী পৌর পরিষদও একই পথে হাটে। অবশেষে মঙ্গলবার থেকে সেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন