১৮ মার্চ ২০২৬

নতুন তফশিলে জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন: নির্দেশ উচ্চ আদালতের

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা উপজেলার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদে নতুন তফশিলে নির্বাচন দিতে  প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।  সে সাথে বর্তমান চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকাকে অবৈধ ঘোষণা করে   আগামী  ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশাসক নিয়োগের  জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে  নির্দেশ দিয়েছেন আদালত।  গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ ওবায়দুল হাসান এই রায় প্রদান করেন।  ২০১৬ সালে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন বর্তমান  চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা। সেসময় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত  করেন নির্বাচন কমিশন। তখনকার আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাস্টার মো. ইদ্রিছ মামলাটির বিরুদ্ধে  নির্বাচন অনুষ্ঠানের পক্ষে উচ্চ আদালেতে লড়াই করেন।  দীর্ঘ ৫ বছর  মামলার প্রক্রিয়া শেষে গত ২৬ আগষ্ট মামলাটি খারিজ করে নতুন তপশিলে নির্বাচনের রায় ঘোষণা করেন উচ্চ আদালত। পরে রায়ের বিরুদ্ধে  সুপ্রিম কোর্টে আপিল করেন মোরশেদুর রহমান খোকা। উভয় পক্ষের শুণানি  শেষে গত ৯ নভেম্বর আপিলের রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, চট্টগ্রাম  জেলা প্রশাসক,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সকল অফিসে এই রায়ের কপি প্রেরণ করা হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় বিষয় নির্ধারণ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তরসহ সংশ্লিষ্ট অফিস।

 জুঁইদন্ডী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা বলেন, আপিলের রায়ের কপি এখনো আমি হাতে পাইনি। হাতে পাওয়ার পর পরবর্তী  করণীয় বিষয় ঠিক করব।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা ও জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মো. ইদ্রিছ বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে উচ্চ আদালতকে ভূল তথ্য দিয়ে দীর্ঘ ৫ বছর জুঁইদন্ডী ইউনয়নবাসীকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে বিএনপির চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা। উচ্চ আদালতে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ায় আদালত তাকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। সে সাথে আগামী ছয় মাসের মধ্যে নতুন তফশীলে নির্বাচন অনুষ্ঠানের জন্য রায় দেয়া  হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের ব্যাপারে উচ্চ আদালতের রায়ের একটি কপি হাতে পেয়েছি। সেখানে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং একজন প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা  দেওয়া হয়েছে। এখন আমরা অপেক্ষা করব নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের কী নির্দেশনা দেয়। যা নির্দেশনা আসবে আমরা সেই মতে কাজ করব।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন