রাঙ্গুনিয়া প্রতিনিধি»
রাঙ্গুনিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি ও চূড়ান্ত বহিস্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ বরাবর সুপারিশ সহ প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম তালুকদারের যৌথ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর কোনো জবাব না দেওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে নৌকার বিপক্ষে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় ৪ প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি ও চূড়ান্ত বহিস্কারের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে।
অব্যাহতি পাওয়া ৪ জন হলেন- রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বেতাগী ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌলাহ দুলাল, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়া, উপজেলা আ’লীগের উপদেষ্টা সদস্য ও লালানগর ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার।
উল্লেখ্য,তৃতীয় ধাপে রাঙ্গুনিয়ায় আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাধারা/এফএস/এফএস












