বাংলাধারা প্রতিবেদন»
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১ । এ উপলক্ষে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্তৃক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) নগরীর চট্টগ্রাম ক্লাবের অডিটরিয়াম হলে দুপুর ১২ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রিহ্যাবের বিভিন্ন প্রস্তাবের কথা সাংবাদিকদের জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই সংকটময় অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সরকারী চাকুরিজীবীদের জন্য ভতুর্কি দিয়ে ৫ শতাংশ সুদের গৃহঋণ চালুর পর থেকে এই খাতে স্থবিরতা কমেছে। কিছু দিন আগেও এই খাতের নিবন্ধন ব্যয় ২ শতাংশ কমানো হয়েছে। রিহ্যাবের পক্ষ থেকে আবার ৪ শতাংশ নিবন্ধন ব্যয় কমানোর জন্য জোর তৎপরতা চলছে। এছাড়া গত মাসে ফ্ল্যাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে। যা পূর্বে এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত ছিল। এখনও সকল নাগরিকের জন্য দীর্ঘ মেয়াদী ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংক ঋণের উচ্চ হার এই খাতের বড় প্রতিবন্ধকতা। জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ ভূমিকা রাখা আবাসন শিল্পে নিবন্ধন ব্যয় কমিয়ে ৬/৭ শতাংশে নিয়ে আসলে এ খাত অর্থনীতিতে আরও অবদান রাখতে পারবে।
১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নছরুল হামিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।
দেখুন» ১৮ নভেম্বর থেকে শুরু রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার
বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পাচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ। আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েকটি লিংকেজ প্রতিষ্ঠানকে ফেয়ারে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ৪টি প্রতিষ্ঠান, কো স্পন্সর হিসেবে ১৫টি, ৬টি আর্থিক প্রতিষ্ঠান এবং ৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠানসহ মোট ৪৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
ফেয়ার উপলক্ষে ১৭ নভেম্বর সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
বাংলাধারা/এফএস/এফএস












