বিনোদন ডেস্ক »
বর্তমান সময়ে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি এক মাস ঢাকায় থাকছেন না। আগামী ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই এক মাস বন্দর নগরী চট্টগ্রামে থাকবেন পরীমনি। এমন তথ্য জানিয়েছেন ‘প্রীতিলতা’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ।
তিনি বলেন, ১২ ডিসেম্বর থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ লটের দৃশ্যধারণ শুরু হচ্ছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এই এক মাস পরীমনিকে চট্টগ্রামে থাকতে হবে।
তবে চট্টগ্রামের কোথায় প্রীতিলতা সিনেমার শুটিং শুরু হবে, সে তথ্য জানাননি পরিচালক। তিনি বলেন, ‘পুরো ইউনিট নিয়ে চট্টগ্রামে আছি। তবে কোথায় দৃশ্যধারণ করব তা এখন বলতে চাই না।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এবং রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়।
সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ হচ্ছে। এ সিনেমার জন্য প্রথম বার ঢালিউডে গান করেছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমন। আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।












