বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ঝাউতলায় রেল ক্রসিংয়ে বাস-সিএনজি ও ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এছাড়া দুর্ঘটনায় আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— মো. মনিরুল ইসলাম (৫৮) এবং বাহা উদ্দিন সোহাগ। এদের মধ্যে মনিরুল ইসলাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত পুলিশ কনস্টেবল। বাড়ি নোয়াখালী জেলায়।
বাহা উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। পেশায় একজন প্রকৌশলী। তিনি ডালি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। নিহত আরেকজন দুর্ঘটনাকবলিত ম্যাক্সিমা হিউম্যান হলারের চালক হিসেবে পুলিশ শনাক্ত করলেও তার নাম জানাতে পারেনি।
স্থানীয় পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বাহা উদ্দিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত ছয়জন চিকিৎসাধীন আছেন।
এদিকে দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্তের জন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পুলিশের চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল গফুরকে। এছাড়া রেলওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার (সদর) ও চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে (ওসি) তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা দেন।












