২৬ মার্চ ২০২৬

শেষ হলো নৌবাহিনী বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা

বাংলাধারা প্রতিবেদক »

শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক ‘টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা-২০২১’। শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের বনৌজা ঈসা খান ঘাঁটিস্থ আঞ্চলিক টেনিস ও স্কোয়াশ কমপ্লেক্সে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুনিরা রওশন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মংলা অঞ্চলের সমন্বয়ে গঠিত মোট ৫টি দল অংশগ্রহণ করে। সমাপনী প্রতিযোগিতায় টেনিস এককে লে. কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি’কে লে. কমান্ডার সাহিল রহমান ০-২ সেটে পরাজিত করেন। টেনিস দ্বৈতে কমান্ডার সাইফুর রহমান ও লে. কমান্ডার সাহিল রহমান জুটি কমান্ডার ইমতিয়াজ উদ্দিন ও লে. কমান্ডার সৈয়দ ফজলে রাব্বি জুটিকে ০২-০০ সেটে পরাজিত করে শিরোপা লাভ করেন।

এছাড়া ভেটেরান টেনিসের দ্বৈত খেলায় এ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও রিয়ার এ্যাডমিরাল লোকমানুর রহমান জুটি রিয়ার এডমিরাল এস এম এ কে আজাদ ও কমডোর আব্দুল্লাহ আল মাকসুস জুটিকে ০৬-০৩ সেটে পরাজিত করেন বিজয়ী হন। অপরদিকে স্কোয়াশ প্রতিযোগিতায় কমান্ডার এহতেশামুল হক কে কমডোর মুস্তাফিজুর রহমান ০১-০৩ সেটে পরাজিত করে।

আরও পড়ুন