২৮ মার্চ ২০২৬

বোয়ালখালীতে মোটরসাইকেল নিয়ে গেল চোর, থানায় হারানো ডায়েরি!

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর। চুরির ঘটনাটি সিসিটিভির ক্যামরায় ধরা পড়লেও থানা পুলিশ তা চুরি হিসেবে মানতে নারাজ। ফলে হারানো ডায়েরি (নং-২৪০) করেছেন মোটরসাইকেল মালিক।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া এলাকার পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো. শাহেদের হিরো গ্ল্যামার মডেলের মোটরসাইকেলটি (চট্টমেট্রো হ-১৫-৬৫৮৩) চুরি হয়ে যায়।

বিষয়টি ফার্মের সিসিটিভি ক্যামরায় ধরা পড়ে। ক্যামরার ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৫টা ১২ মিনিটের সময় এক যুবক মোটরসাইকেলটি কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে দ্রুত চম্পট দেয়।

চুরি যাওয়া মোটরসাইকেলটি ফিরে পাওয়ার আশায় বোয়ালখালী থানার দ্বারস্থ হন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি থানা পুলিশের দায়িত্বরত অফিসারকে ঘটনাটি খুলে বলেন এবং সিসিটিভির ভিডিও ফুটেজটি দেখালেও পুলিশ হারানো ডায়েরি করার পরামর্শ দেয়। ফলে হারানো ডায়েরি করেছেন থানায়।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. শাহেদ বলেন, রোববার সন্ধ্যা ৫টার সময় ফার্মের সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করি। এর আধ ঘণ্টা পর বের হয়ে দেখি গাড়িটি নেই। পরে সিসিটিভি ক্যামরা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হই। এ ব্যাপারে থানায় গেলে পুলিশ মোটরসাইকেল হারানোর জিডি (সাধারণ ডায়েরি) করতে বলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তবে সংগঠিত ঘটনার ক্ষেত্রে জিডির সুযোগ নেই বলে জানিয়েছেন এ্যাডভোকেট শফিউল আলম খোকন। তিনি বলেন, ‌‘অপরাধ সংগঠিত হয়ে গেলে প্রতিকার বা ন্যায় বিচারের জন্য মামলা হবে।’ আস্ত একটি মোটরসাইকেল হারিয়ে যাবার ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি হাস্যকর।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ