বাংলাধারা প্রতিবেদক »
নগরীর ষোলশহর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এই ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে শিশুটির খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস।
জানা গেছে, গতকাল (সোমবার) বিকেলে রাকিব ও কামাল নামের দুটি শিশু ফুটপাত ধরে হাঁটছিল। এসময় তারা দুজনেই নালায় পড়ে যায়। নালা থেকে রাকিব উঠে আসতে পারলেও কামাল নালাতেই থেকে যায়। ছেলেটির বাবা মানসিকভাবে ভারসাম্যহীন বিধায় ফায়ার সার্ভিসে খবর দিতে পারেনি। পরে আজ এক সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়ে শিশুটিকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও খোঁজে পাওয়া যায়নি। আমাদের একটি ডুবুরি দলও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।’
এর আগে গত ৩০ জুন নগরের ২ নম্বর গেটে মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নালায় পড়ে যায়। এ ঘটনায় মারা যান অটোরিকশায় থাকা খতিজা বেগম ও চালক সুলতান।
গত ৫ আগস্ট মুরাদপুর মোড়ে সালেহ আহমদ নালায় তলিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি। সবশেষ গত ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকার একটি নালায় তলিয়ে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।












