বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল শিল্প প্লটের সংখ্যা ২৫০টি বাড়িয়ে ৫৩৯টি করছে সরকার। অর্থনৈতিক অঞ্চলে নতুন করে ফায়ার স্টেশনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি, দুটি কারখানা ভবন, ফুটপাত, গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, তিনটি আবাসিক ভবন, একটি মসজিদ ও একটি মেডিকেল সেন্টার নির্মাণসহ কয়েকটি নতুন অঙ্গ সংযোজন করা হবে।
মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি সরকার প্রথমবারের মতো সংশোধন করতে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
মূল প্রকল্পের ব্যয় ছিল ৭৫০ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা। এখন প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। মূল অনুমোদিত প্রকল্পটি ২০১৮ সালের সেপ্টেম্বর হতে ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা ছিল। এখন প্রকল্পের মেয়াদ বেড়ে ২০২৩ সালের জুন নাগাদ করা হচ্ছে।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি সংশোধনের জন্য উপস্থাপন করবে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।












